জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ২৭৯ পিস ট্যাবলেট

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন সিট মানিক গ্রাম এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী মোঃ সোহানুর ইসলামের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাঁচবিবি থানার সিট মানিক গ্রামে ওই মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সোহানুর ইসলাম (২৩)-কে আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার কাছ থেকে ২৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৮৩ হাজার ৭০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহানুর ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ট্যাপেন্টাডল সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।
র্যাব আরও জানায়, মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে তাকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।