গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) ভোর রাতে টঙ্গীর পাগাড় পাঠান পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
একই দিন দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মহিউদ্দিন আহমেদ।
গ্রেফতারকৃতরা হলেন— টঙ্গীর পাগাড় পাঠান পাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) এবং লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠির পাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।
সংবাদ সম্মেলনে ডিসি মহিউদ্দিন আহমেদ জানান, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি জসিম ও আরিফকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঠান পাড়া এলাকার জনৈক মজিবর রহমানের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।