গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চান্দরা মৌজায় সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নেওয়া জমি নিয়ে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনের বিরুদ্ধে জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। সরকারি ভূমি রেকর্ড, লিজ আদেশ ও নামজারি খতিয়ান অনুযায়ী, “ক” গেজেটভুক্ত ০.২০ একর সরকারি জমি নিয়ম মেনে লিজ দেওয়া হয়েছে এবং নিয়মিত সরকারি রাজস্ব পরিশোধ করা হচ্ছে। সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা জানান, বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই জমিটি লিজ দেওয়া হয়েছে।
এদিকে, ভুক্তভোগী দাবি করা পক্ষের অভিযোগ, এসএ ২৬৭ দাগ থেকে সৃষ্ট ৫২০ দাগের ২.৬০ শতাংশ উত্তরাধিকারসূত্রে পাওয়া জমিও লিজগ্রহীতা নিজের দাবি করছেন। এ ঘটনায় ডিআইজির মামাতো ভাই কালিয়াকৈর থানায় ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে লিখিত আবেদন করেছেন।অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন বলেন, তিনি সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নিয়ে মার্কেট নির্মাণ করেছেন এবং নিয়মিত লিজমানি পরিশোধ করছেন। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা।
স্থানীয় ব্যবসায়ীরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একজন আইনজীবী বলেন, সরকারি লিজকৃত জমি লিজগ্রহীতা বৈধভাবে ব্যবহার করতে পারেন; তবে মালিকানা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি দেওয়ানি আদালতের মাধ্যমে হতে হবে।
কালিয়াকৈর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, একই ঘটনায় উভয় পক্ষের আবেদন পেয়েছি। বিবদমান বিষয়ে দেওয়ানি মামলা থাকায় উভয়পক্ষকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ