শিক্ষাবান্ধব অবকাঠামো উন্নয়নে ইসলামী একাডেমিতে ২ কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

শিক্ষাবান্ধব পরিবেশ গড়তে রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার ১৩ জুন সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার তমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর, বাঘা থানার ওসি তদন্ত সুপ্রভাত মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ বাবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সালেহ আহমেদ সালাম। সার্বিক সহযোগিতায় ছিলেন অধ্যক্ষ আব্দুল হামিদ এবং সহকারী শিক্ষক মাওলানা জিন্নাত আলীসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের সভাপতি সালেহ আহমেদ সালাম বলেন, “দীর্ঘ প্রায় দুই দশক ধরে প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বর্তমান সরকারের টেকসই উন্নয়নের ধারায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৬ লাখ ৭২ হাজার ২৬ টাকা ব্যয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীরা আরও উন্নত ও আধুনিক পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।”
উল্লেখ্য, ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় বাঘা উপজেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসা এই প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১,৭৬৭ জন। নতুন ভবন নির্মাণের ফলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।