দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নামজারি অনিয়মে ৭ দিনের জেল
জামালপুরের দেওয়ানগঞ্জে নামজারি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত অর্থ গ্রহণ এবং বেআইনিভাবে অন্যের নামজারি নথি নিজের কাছে রাখার অপরাধে রকিফুল ইসলাম রবিন (৪৫) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রকিফুল ইসলাম রবিন হাতিভাঙ্গা ইউনিয়নের সাপমারি এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, নামজারি সংক্রান্ত সেবা দেওয়ার কথা বলে অতিরিক্ত অর্থ আদায় এবং অন্যের গুরুত্বপূর্ণ নামজারি নথি নিজের কাছে সংরক্ষণ করার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। আদালত অভিযোগের সত্যতা পেয়ে রকিফুল ইসলাম রবিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।