লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)-এর ছোড়া গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা এবং আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ ৯০৫/৬-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সূত্রগুলো জানায়, ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় খাদেমুল মুখ, বুক ও মাথায় গুলিবিদ্ধ হন।গুরুতর আহত অবস্থায় তিনি বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
ঘটনার পর আমঝোল সীমান্ত এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুনঃ