টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরী”-এর সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালায়।
তল্লাশীকালে প্রাইভেটকারটির সামনের বাম্পারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬টি কাটুনে থাকা মোট ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকার চালক মোঃ তারেক (২৩)কে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার গোদারপাড় এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে