কক্সবাজারের টেকনাফ ও ঈদগাঁওয়ে র‌্যাব-১৫’র পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা, অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও বিপুল পরিমাণ লবণ জব্দ করা হয়।
সূত্র জানায়, বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে র‌্যাব-১৫’র সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালায়। অভিযানে লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও প্রায় ১শ মণ লবণ জব্দ করা হয়। পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালীর আহমদ ছফার ছেলে মো. এমরানুল ইসলাম (২০) এবং টেকনাফের সাবরাং ডেগিল্যার বিল এলাকার মো. রহমত উল্লাহর ছেলে নুর মোহাম্মদ (৪২) কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার দিকে র‌্যাব-১৫’র সিপিএসসি ক্যাম্পের স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মীম (এক্স), বিএন’র নেতৃত্বে ঈদগাঁও থানার আলমাছিয়া পূর্ব গেইট এলাকার স্বপ্নচূড়া মার্কেটের সামনে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডাকাতির উদ্দেশ্যে ওৎ পেতে থাকা অবস্থায় ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ ঈদগাঁও কালিরছড়ার মৃত আব্দুল নবীর ছেলে মো. এনামুল হক ওরফে এনাম (২৩) এবং নুর আহমদের ছেলে মো. নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০) কে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুনঃ