৫২ নম্বর ওয়ার্ডে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে যুবদল নেতা সেলিম কাজল

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ৫২ নম্বর ওয়ার্ডে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থী মো:সেলিম কাজল। তিনি গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। একান্ত সাক্ষাৎকারে তিনি তার নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন।
মো:সেলিম কাজল বলেন, ৫২ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে অবহেলিত। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ড্রেনেজ ব্যবস্থা অচল। আমি নির্বাচিত হলে প্রথম ৬ মাসের মধ্যে ওয়ার্ডের প্রধান সড়কগুলোর ড্রেন সংস্কার ও পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান করব।
তিনি আরও জানান, ওয়ার্ডে সুপেয় পানির সংকট, সড়ক বাতি না থাকা এবং ময়লা-আবর্জনা পরিষ্কারে অনিয়ম তার নজরে এসেছে। জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করে প্রতিটি মহল্লায় নাগরিক সুবিধা পৌঁছে দেওয়াই আমার অঙ্গীকার, বলেন তিনি।
যুব সমাজ ও মাদক বিরোধী কর্মসূচি
যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে তরুণদের নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানান সেলিম কাজল। তিনি বলেন, এই ওয়ার্ডের যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলার মাঠ সংস্কার, ফ্রি কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করব। একজন কাউন্সিলর শুধু রাস্তা-ঘাট করবে না, সমাজের নৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।
বিএনপির সহযোগী সংগঠন যুবদলের গুরুত্বপূর্ণ পদে থাকলেও তিনি ব্যক্তিগত ইমেজ ও জনসম্পৃক্ততাকে কাজে লাগাতে চান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি দল করি আদর্শের জন্য। কিন্তু কাউন্সিলর নির্বাচিত হলে আমার প্রথম পরিচয় হবে ৫২ নংওয়ার্ডের সেবক। দল-মত নির্বিশেষে সবার সমস্যা সমাধানে কাজ করব।
গাজীপুর সিটি করপোরেশনের এই ওয়ার্ডটি টঙ্গী পশ্চিম থানার অন্তর্গত এবং শিল্প-কারখানা অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। ফলে শ্রমিক ভোটারদের সমর্থন এখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয়রা।