বেলকুচিতে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত-

সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চালা গ্যারেজ এলাকায় গিয়ে শেষ হয়। পরিশেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বেলকুচি উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আরিয়ান ইসমাইলের সঞ্চালনায় এবং উপজেলা সভাপতি ইউসুফ আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আ. আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম, জেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক এরশাদ আলী এবং এনায়েতপুর থানা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা।
বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শবাদী ছাত্র সংগঠন। এই সংগঠনে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। ছাত্রশিবির সব সময় ন্যায়, নিষ্ঠা ও সততার পথে থেকে শিক্ষার্থীদের সংগঠিত করে আসছে।
তারা আরও বলেন, বর্তমানে ছাত্রসমাজ ইসলামী ছাত্রশিবিরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে দলে সংগঠনে যোগদান করছে। সাধারণ শিক্ষার্থীদের ভোটে ইতোমধ্যে ডাকসু সহ দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় সংসদে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্ব নির্বাচিত হয়েছে, যা ছাত্রসমাজের আস্থার প্রতিফলন।
বক্তারা ইসলামী ছাত্রশিবিরের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ছয়জন সদস্য নিয়ে ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। দীর্ঘ ৪৯ বছরের পথচলায় ন্যায়, নিষ্ঠা ও সততার মাধ্যমে এটি আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ছাত্র নেতা ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।