প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নারী পোশাক শ্রমিককে অপহরণ

গাজীপুরের টঙ্গীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারী পোশাক শ্রমিককে অপহরণ করেছে তারই সহকর্মী। ঘটনাটি ঘটেছে গত ৮ আগস্ট বিকালে সাতাইশ শরীফ মার্কেট এলাকায়।
এ ঘটনায় ওই পোশাক কর্মীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানায় অপহরণকারী হৃদয় মিয়াকে (১৯) এজাহারনামীয়সহ অজ্ঞাত দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
অপহৃতের পিতা জানান, হৃদয় মিয়া ও তার মেয়ে সাতাইশ শরীফ মার্কেট এলাকার একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করে আসছিল। এই সুবাদে হৃদয় কয়েকবার মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি জানাজানি হলে হৃদয়কে ডেকে নিয়ে আমরা নিষেধ করি। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গত ৮ আগস্ট বিকালে কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে শরীফ মার্কেট এলাকা থেকে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা ভিকটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের চেষ্টা করছি।