দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুল এমপি ।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-০৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভের মধ্য দিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারে মন্ত্রীসভায় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফলের সুত্র মতে, আসাদুল হাবিব দুলু তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৮৪ হাজার ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালের নির্বাচনেও একই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।
২০০১ সালে বিএনপি সরকারের আমলে তিনি যোগাযোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ১৬ বছর পর আবারও তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন,তবে এবার পূর্ণ মন্ত্রী হিসেবে।
তিস্তা পাড়ের মানুষের আস্থার প্রতীক
আসাদুল হাবিব দুলু কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি উত্তরবঙ্গের নদী ও মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর।
তিনি সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ এবং ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’-এর প্রধান সমন্বয়ক।
তিস্তা অববাহিকার ৫ জেলার মানুষের অধিকার রক্ষায় তাঁর সক্রিয় ভূমিকার কারণে তিনি স্থানীয়দের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর রচিত গ্রন্থ ‘জাগো বাহে তিস্তা বাঁচাই: নদী ও মানুষের অধিকার’-এ এই অঞ্চলের মানুষের দৈনন্দিনের সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
লালমনিরহাট জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার সুমন বলেন,“তৃণমূল থেকে উঠে আসা একজন সুসংগঠিত সাংগঠনিক নেতা ” হিসেবে তিনি বুঝেন কুড়িগ্রাম,রংপুর ও লালমনিরহাটের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কিভাবে নিরলস ভাবে কাজ করতে হয়।
তাঁর এই সাফল্যের ফলস্বরূপ পূর্ণ মন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হওয়ায় লালমনিরহাটের আপামর জনগন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।