দুর্নীতিমুক্ত ও সেবামুখী ওয়ার্ড গড়াই আমার অঙ্গীকার দেওয়ান নাজিম উদ্দিন
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫০ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লড়তে চান দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দিন। তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা ওয়ার্ডবাসীর দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।দক্ষিণখান, আশকোনা, কাওলা, ফায়দাবাদসহ ৫০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তাঘাট, অপ্রতুল ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা রয়েছে। এসব সমস্যার স্থায়ী সমাধানকে সামনে রেখেই নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি।দেওয়ান নাজিম উদ্দিন বলেন, আমি দক্ষিণখানের মাটি ও মানুষের সন্তান। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কাউন্সিলর নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে ওয়ার্ডকে দুর্নীতিমুক্ত ও নাগরিকবান্ধব করা।
তিনি আরও বলেন, আমাদের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাংয়ের সমস্যা প্রকট। মশার উপদ্রব ও জলাবদ্ধতায় জনজীবন অতিষ্ঠ। আমি নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে এসব সমস্যার দ্রুত সমাধান করব। ওয়ার্ড অফিসকে সত্যিকারের সেবা কেন্দ্রে পরিণত করব, যেখানে দল-মত নির্বিশেষে সবাই সেবা পাবে।”স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীরা জানান, দেওয়ান নাজিম উদ্দিন একজন পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা। দলের দুঃসময়ে রাজপথে তার সক্রিয় ভূমিকা ছিল। এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তিনি নিয়মিত অংশ নেন। তৃণমূলের সাথে তার নিবিড় সম্পর্ক থাকায় সাধারণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
উল্লেখ্য, দেওয়ান মোঃ নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে দক্ষিণখান থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রমের সাথে যুক্ত। বর্তমানে তিনি থানা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনে ৫০ নং ওয়ার্ডের ভোটাররা উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবাকে প্রাধান্য দিয়ে তাদের প্রতিনিধি বেছে নেবেন বলে মনে করছেন স্থানীয়রা।