লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: ৬টি ভারতীয় গরু জব্দ

লালমনিরহাট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ জুলাই ভোর আনুমানিক ৫টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী বিওপির কুটিবাড়ী চর এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানকালে বিজিবির টহল দল ভারতীয় সীমান্তের দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে গরু নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করলে চোরাকারবারীরা গরুগুলো ফেলে রেখে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৬টি ভারতীয় গরু উদ্ধার করতে সক্ষম হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। এই ঘটনার সাথে জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও পণ্য চোরাচালানের চেষ্টা কঠোর হস্তে প্রতিহত করা হবে।”
তিনি আরও যোগ করেন, “তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”