গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকারভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমানের পরিকল্পনায় “ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি”-এর আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এ.এইচ.এম. ফখরুল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর-রশিদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায়, বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের পুনর্বাসনমূলক কর্মসূচি উপকারভোগীদের নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে এসে সম্মানজনক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপস্থিত ১৭৫ জন ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তির মধ্য থেকে প্রকাশ্য লটারির মাধ্যমে ৫০ জনকে নির্বাচিত করা হয়। পরে নির্বাচিত প্রত্যেক উপকারভোগীর হাতে একটি করে বকনা গরু তুলে দেন অতিথিরা।

পোস্টটি শেয়ার করুনঃ