ঝিনাইদহ জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ জেলাজুড়ে অপরাধ দমন ও হারানো মালামাল উদ্ধারে বড় ধরনের সাফল্য দেখিয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা ৫৭টি মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৩,৫৪২ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এসব মালামাল তুলে দেন পুলিশ সুপার জনাব মো. মাহফুজ আফজাল।

প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা হারানো মোবাইল উদ্ধার ছাড়াও সাইবার বুলিংয়ের শিকার ৩৩ জন ভিকটিমকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান করেছেন। এছাড়া নিখোঁজ হওয়া ৭ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এই সেল।

পণ্য হস্তান্তরকালে পুলিশ সুপার জনাব মো. মাহফুজ আফজাল সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, “প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সাইবার অপরাধ একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অপরিচিত কোনো লিংক বা অ্যাপ ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে।” তিনি আরও যোগ করেন:
* ব্যক্তিগত তথ্য, ওটিপি (OTP) বা পিন নাম্বার কারও সাথে শেয়ার করবেন না।
* ব্যাংক সংক্রান্ত তথ্য গোপন রাখুন।
* সাইবার অপরাধের শিকার হলে বিলম্ব না করে নিকটস্থ থানা অথবা সাইবার সেলের সাথে যোগাযোগ করুন।

মালামাল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. মোসফেকুর রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য সদস্যবৃন্দ।
ঝিনাইদহ জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাইবার জগতকে নিরাপদ রাখতে নিয়মিত টহল ও মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুনঃ