বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক সাধারণ সভা ও সদর বারোয়ারী পূজা মন্দিরের সংস্কার কাজ নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের ০৬ নং ওয়ার্ডের সদর বারোয়ারী পূজা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ শফিকুর রহমান জাজু।

প্রধান অতিথির বক্তব্যে জনাব শফিকুর রহমান জাজু বলেন, মন্দির বা যেকোনো ধর্মীয় উপাসনালয় হলো ঐক্যের প্রতীক। মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারে সমাজের বিত্তবান এবং সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। তিনি মন্দির সংস্কারে তার ব্যক্তিগত পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং সুন্দর ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুস ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক ও ০৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মোঃ মাহবুবুর রহমান শেখর। তিনি বাজুস-এর পক্ষ থেকে মন্দিরের উন্নয়নে সব ধরনের সহায়তা প্রদানের অঙ্গীকার করেন এবং উপস্থিত সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন সাধন সরকার। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাজুস ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি পঞ্চরেশ পোদ্দার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্দির সংস্কার ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে নিজেদের মতামত তুলে ধরেন বিকাশ চন্দ্র রায়, সপন সরকার, রতন চন্দ্র, ফারুক রহমান, জীবন বিশ্বাস, অভিজিৎ সরকার ভোলা, সাধন কর্মকার,পোল্লাদ সরকার, পোল্লাদ বিশ্বাস, সমীর হাওলাদার, অচিন্ত রায় সহ সংগঠনের জেলা পর্যায়ের বিভিন্ন সদস্যবৃন্দ ও তাছাড়াও আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভার শেষে মন্দির সংস্কার কাজের পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত সকলে ঐকমত্য পোষণ করেন। মন্দির কমিটির নেতৃবৃন্দ বাজুস নেতাদের এমন গঠনমূলক উদ্যোগ ও উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি এলাকার হিন্দু ধর্মাবলম্বী ও ব্যবসায়ী মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ