সাংবাদিকদের পেশাগত মর্যাদা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে পটিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে গঠিত এ কমিটিকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে পটিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি জোরদার, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক ইনকিলাবের পটিয়া প্রতিনিধি নুর হোসেন সভাপতি এবং দৈনিক আমার দেশের পটিয়া প্রতিনিধি রবিউল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি আবেদুজ্জামান আমেরী (দৈনিক যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আলম (দৈনিক কালের কণ্ঠ), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব (বিজয় টিভি), দপ্তর সম্পাদক মোরশেদ আলম (নাগরিক টিভি), ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম (এশিয়ান টিভি) এবং আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (দেশ টিভি)।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাস্টার শফিউল আলম, গোলাম কাদের (চট্টগ্রাম মঞ্চ), আ ন ম সেলিম (দেশ রূপান্তর), ওসমান গনি (বৈশাখী টেলিভিশন), গিয়াস উদ্দিন (সাঙ্গু) এবং এস এম রহমান (নয়া দিগন্ত)।

সভায় নবনির্বাচিত সভাপতি নুর হোসেন বলেন, “পটিয়া প্রেস ক্লাবকে সাংবাদিকদের আস্থার ঠিকানা ও পেশাগত উৎকর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করা এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার।”

সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, “সংগঠনের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে পেশাগত দক্ষতা, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। আধুনিক, গতিশীল ও জবাবদিহিমূলক প্রেস ক্লাব গড়ে তুলতে নতুন কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

সভায় বক্তারা বলেন, গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি সমাজের বিবেক ও গণমানুষের প্রত্যাশার প্রতিফলন। দায়িত্বশীল, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে পটিয়ার উন্নয়ন, সম্ভাবনা, জনদুর্ভোগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও শক্তিশালীভাবে জাতীয় পরিসরে তুলে ধরতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও ঐক্য সুসংহত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় পটিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

পোস্টটি শেয়ার করুনঃ