গাজীপুরে রাস্তার জন্য জমি দিয়েও নিজের জমি জবরদখলের শিকার প্রশাসকের হস্তক্ষেপ কামনা

গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড হাজী মরিয়ম চৌধুরী সড়কের জন্য
জনস্বার্থে নিজের পৈত্রিক জমি দিয়ে রাস্তা নির্মাণের সুযোগ করে দিলেও সেই রাস্তার পাশের অবশিষ্ট জমি জবরদখলের শিকার হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের এক বাসিন্দা। জবরদখলকৃত জমি উদ্ধারে তিনি সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।ভুক্তভোগী মোঃ মনজুর হোসেন চৌধুরী ১৫নং ওয়ার্ডের ভোগড়া এলাকার হোল্ডিং নং ৮৩/১ এর স্থায়ী বাসিন্দা। তিনি জানান, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে তিনি তার পৈত্রিক সম্পত্তির মাঝখান দিয়ে সিটি কর্পোরেশনকে রাস্তা নির্মাণের জন্য জায়গা ছেড়ে দেন। তার ছেড়ে দেওয়া জায়গার উপরই বর্তমান “হাজী মরিয়ম চৌধুরী সড়ক” নির্মিত হয়েছে।মনজুর হোসেন চৌধুরী অভিযোগ করেন, “রাস্তা নির্মাণের পর সড়কের পূর্ব পাশে আমার মালিকানাধীন আরও ৫ থেকে ৬ ফুট জায়গা অবশিষ্ট থাকে। কিন্তু সেই জায়গাটি বর্তমানে এস্রেল সুয়েটার লিঃ এর মোঃ আঃ রহিম জবরদখল করে রেখেছেন।তিনি আরও বলেন,আমার জমির মৌজা চান্দনা এবং অভিযুক্তের জমির মৌজা ভোগড়া। মৌজা ভিন্ন হওয়া সত্ত্বেও তিনি উদ্দেশ্যমূলকভাবে আমার বৈধ জায়গা দখল করে রেখেছেন।জবরদখলের বিষয়ে প্রতিকার চেয়ে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি বিষয়টি সরেজমিনে তদন্ত করে তার ন্যায্য পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ আঃ রহিমের বক্তব্য পাওয়া যায়নি। গাজীপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। এই বিষয়ে সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিল ফয়সাল সরকারের সাথে সরাসরি কথা হলে তিনি জানান আমরা জানি মো: মন্জুর হোসেন চৌধুরী সিটি করপোরেশনের জন্য তিনি জমি দিয়েছেন এবং রাস্তার পূর্ণ পাশে তিনি জমি পাবেন আমি আশাকরি আমাদের গাজীপুর সিটি প্রশাসক এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিবেন এবং মো: মনজুর হোসেন চৌধুরী তার ন্যায্য জমি ফেরত পাবেন। আমরা তার পাশে আছি।