পাটগ্রাম–হাতীবান্ধার প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক, ভোটারদের দোরগোড়ায় হাবীবা সুলতানা সুমী

লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিশটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও মহল্লায় ধারাবাহিক উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতীবান্ধা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সহধর্মিণী হাবীবা সুলতানা সুমী।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এসব উঠান বৈঠকে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। এলাকার নারী-পুরুষ, প্রবীণ ও তরুণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাঁদের দৈনন্দিন সমস্যা, নাগরিক সুবিধার অভাব, জীবনমান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরছেন।
উঠান বৈঠকগুলোতে হাবীবা সুলতানা সুমী মনোযোগ দিয়ে ভোটারদের বক্তব্য শোনেন এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের রাজনৈতিক দর্শন, জনবান্ধব কর্মসূচি ও পাটগ্রাম–হাতীবান্ধার সার্বিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। এতে নির্বাচনী প্রচারণায় নতুন গতি ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
বিশেষ করে নারী ভোটারদের মধ্যে এসব উঠান বৈঠক ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়দের ভাষ্য, ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কথা শোনার এই উদ্যোগ প্রার্থী ও ভোটারের মধ্যকার দূরত্ব কমিয়েছে এবং নির্বাচনী পরিবেশকে আরও ইতিবাচক ও অংশগ্রহণমূলক করে তুলেছে।
এ বিষয়ে হাবীবা সুলতানা সুমী বলেন,
“সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা আমাদের রাজনীতির মূল শক্তি। মানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই আমরা একটি উন্নত ও সমৃদ্ধ পাটগ্রাম–হাতীবান্ধা গড়ে তুলতে চাই।”
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এই ধারাবাহিক উঠান বৈঠক ও গণসংযোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকার উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।