গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এদিন মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গাইবান্ধা-৩ (পলাশবাড়ি–সাদুল্লাপুর), গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) এবং গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে গাইবান্ধা-৩ আসনে তিনজন, গাইবান্ধা-৪ আসনে একজন এবং গাইবান্ধা-৫ আসনে চারজনসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে কাগজপত্রে ত্রুটি ও সমর্থনকারী ভোটারের তথ্য সঠিক না থাকায় গাইবান্ধা-৩ (পলাশবাড়ি–সাদুল্লাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আজিজার রহমান, এস এম খাদেমুর ইসলাম খুদি এবং জনতার দলের প্রার্থী মঞ্জুরুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ তালুকদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এছাড়া গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সুজাউদৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুৎ-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাইয়ের ফলাফল নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এই তিনটি আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ