:
ঢাকার সাভারের আনন্দপুর এলাকায় সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, ঢাকা উত্তর জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সিএসএস সাভার-২ ব্রাঞ্চে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্মরণে আয়োজিত এ ক্যাম্পে এমএফপি উপকারভোগী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ক্যাম্পে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন চিকিৎসকরা।
এ বিষয়ে সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলমগীর শেখ বলেন, “আমরা সিএসএস মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে মানুষের আর্থিক উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিষয়ক কাজ করে যাচ্ছি। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিটি ব্রাঞ্চ থেকেই নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।”
সহকারী রিজিওনাল ম্যানেজার কামরুল ইসলাম বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিএসএস সবসময় কাজ করে যাচ্ছে। এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলছে।”
সিএসএস সাভার-২ ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মোঃ মোজাফফর হোসেন বলেন, “স্বল্প আয়ের মানুষ যেন সহজে স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।